সাজা হবে জানলেও ইসরাইলি সেনাকে থাপ্পড় মারতাম: অহেদ তামিমি
-
ফিলিস্তিনি তরুণী অহেদ তামিমি
ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি তরুণী অহেদ তামিমি বলেছেন, ইসরাইলি সেনাদেরকে থাপ্পড় মেরে তিনি কোনো অন্যায় কাজ করেন নি এবং এজন্য তার মধ্যে কোনো দুঃখ নেই। গত ডিসেম্বর মাসে ইসরাইলি সেনাদের মুখে থাপ্পড় মেরে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন ১৭ বছর বয়সী এ তরুণী এবং ফিলিস্তিনিদের অনেকের কাছেই তিনি এখন মুক্তি সংগ্রামের প্রতীক হয়ে গেছেন।
গত ডিসেম্বর মাসে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালিয়ে ইসরাইলের বর্বর সেনারা আটক করেছিল ফিলিস্তিনের এ তরুণীকে। সে সময় তামিমি ইসরাইলের দুই সেনার মুখে থাপ্পড় মারেন এবং সেই ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে ভাইরাল হয়ে পড়ে। তার বিরুদ্ধে সেনাদের ওপর হামলা, উসকানি দেয়া এবং ইসরাইলি সেনাদের কাজে বাধা দেয়াসহ ১২টি অভিযোগ আনা হয়। ২৯ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
তামিমি বলেন, “কারাগারে যাওয়ার পর আমার জীবনে অবশ্যই পরিবর্তন এসেছে। আমি অনেক বেশি চিন্তাশীল হয়েছি, আরো সচেতন হয়েছি। তবে কারাগার আমার বয়স অনেক বাড়িয়ে দিয়েছে; কারাগারের একটি দিন জীবনে যেন ১০০ বছর বয়স বাড়িয়ে দেয়।” ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবি সালেহ গ্রামে নিজের বাড়ি থেকে তার এ সাক্ষাৎকার নেয়া হয়।
কারাগারে যেতে হবে এমন কথা জানলে তিনি ইসরাইলি সেনাদেরকে থাপ্পড় মারতেন কিনা -এমন এক প্রশ্নের জবাবে তামিমি বলেন, “আমি কোনো ভুল কিছু করি নি। যদি আমি জানতাম যে, আমাকে থাপ্পড় মারার জন্য কারাগারে যেতে হবে তাহলেও আমি এ কাজ করতাম কারণ এটা স্বাভাবিক প্রতিক্রিয়া; একজন সেনা আমার বাড়ির লোকজনকে গুলি করবে, আমার গ্রামের লোকজনকে হত্যা করবে আর কোনো প্রতিবাদ হবে না তা হতে পারে না।”
ফিলিস্তিনের এ সংগ্রামী তরুণী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ ফিলিস্তিনিদের অধিকার আদায় এবং বিশ্ববাসীর সামনে ইহুদিবাদী ইসরাইলের মুখোশ উন্মোচনের জন্য এটা জরুরি।#
পার্সটুডে/এসআইবি/৩১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন