কানাডার সঙ্গে ছিন্ন সম্পর্কে জোড়া লাগাবে না সৌদি আরব!
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের
কানাডার সঙ্গে সম্পর্কের চলমান উত্তেজনা কমাতে তৃতীয় দেশের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বুধবার রিয়াদে বলেছেন, কানাডার সঙ্গে সৃষ্ট কূটনৈতিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, কানাডার সঙ্গে আলোচনার প্রশ্ন ওঠে না। যে ভুল হয়েছে সেটা সংশোধন করতে হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ কানাডার বিরুদ্ধে ‘কঠিন ব্যবস্থা’ নেয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে তিনি একথা দিয়ে ঠিক কি বুঝিয়েছেন তা পরিষ্কার করেননি।
এর আগে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, সৌদি আরবের সঙ্গে সৃষ্ট কূটনৈতিক সংকট নিরসনে সংযুক্ত আরব আমিরাত ও ব্রিটেনের সহযোগিতা চাইতে পারে কানাডা সরকার।
সৌদি আরব গত সোমবার দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগে কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি অটোয়ায় নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায় সৌদি সরকার।
রিয়াদস্থ কানাডার দূতাবাস সম্প্রতি সৌদি মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানের ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল।
ওই দূতাবাস লিঙ্গ বৈষম্য বিরোধী আন্দোলনকারী সামার বাদাওয়ি’র গ্রেফতারেরও প্রতিবাদ জানায়। কানাডার দূতাবাসের এক টুইটার বার্তায় আরো বলা হয়, “আমরা সব শান্তিপূর্ণ আন্দোলনকারীকে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।”
এর প্রতিক্রিয়ায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “কানাডার বিবৃতিতে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার যে বক্তব্য রয়েছে তা অত্যন্ত আপত্তিকর। দু’টি দেশের সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।”#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯