হামাসের সব নেতাকে হত্যার আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী
-
মিরি রেজেভ
ইহুদিবাদী ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিরি রেজেভ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সব নেতাকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের নেতাদের হত্যার বিষয়ে ইসরাইলের আগের নীতি পুনর্বহাল করা উচিত।
মিরি রেজেভ সম্প্রতি গাজা উপত্যকার কাছে বসবাসকারী ইসরাইলি সম্প্রদায়ের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেছেন। তিনি বলেন, হামাসের নেতাদের ভয়ের মধ্যে বসবাস করা উচিত।
তিনি তার ভাষায় বলেন, “আমাদেরকে অবশ্যই আগের নীতিতে ফিরে যেতে হবে যার আওতায় সন্ত্রাসী ও খুনি হামাস নেতাদেরকে গোপনে হত্যা করা হতো।”
এদিকে, জায়নিস্ট ইউনিয়নের নেতা আভি গাব্বি বলেছেন, হামাসের বিষয়ে ইসরাইলের নেতৃত্বকে আরো কঠোর হওয়া উচিত। তিনি বলেন, ইসরাইলের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী কিন্তু দুর্বল রাজনীতিক। তিনি বলেন, ইসরাইলের নেতৃত্ব জানে না কীভাবে সন্ত্রাসী সংগঠনকে মোকাবেলা করতে হয়।
এর আগেও ইসরাইলের অনেক নেতা হামাসকে নির্মূলের আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন