ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন হবে: ইরাকের প্রেসিডেন্ট
-
আল-আলম নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম
ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন তার দেশের জন্য কঠিন হবে। ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ফুয়াদ মাসুম বলেন, ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে তেহরানের ওপর চাপিয়ে দেয়া মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারবে না বাগদাদ। দুই পক্ষের টানাপড়েনে যেকোনো একপক্ষকে সমর্থন করা ইরাক সরকারের উচিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।
প্রেসিডেন্ট মাসুম বলেন, প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি’র সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করবেন বলে তিনি মনে করছেন না।
ইরাকের প্রেসিডেন্ট বলেন, মার্কিন সরকার বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে এবং বাকি দেশগুলোকে তা মানতে বাধ্য করছে। যেসব দেশ নিষেধাজ্ঞা মানছে না তাদের বিরুদ্ধেও অবরোধ আরোপ করছে আমেরিকা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সম্প্রতি তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা কার্যকর করেছেন তা মেনে নিতে অস্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়াসহ বিশ্বের আরো বহু দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশকে অবরোধ করতে গিয়ে আমেরিকা এবার নিজেই একঘরে হয়ে পড়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭