ইয়েমেনে সৌদি গণহত্যার নিন্দা হিজবুল্লাহ'র, জোটের তদন্তকে 'ভুয়া' বলল এইচআরডব্লিউ
https://parstoday.ir/bn/news/west_asia-i63764-ইয়েমেনে_সৌদি_গণহত্যার_নিন্দা_হিজবুল্লাহ'র_জোটের_তদন্তকে_'ভুয়া'_বলল_এইচআরডব্লিউ
লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুদাইদা প্রদেশের আদদুরাইহিমি এলাকায় সৌদি-মার্কিন জোটের গতকালের গণহত্যা বা অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে, এই জোট বেসামরিক নারী ও শিশুদের হত্যা করে এবং বেসামরিক অবস্থানগুলোর ওপর হামলা চালিয়ে যুদ্ধ-অপরাধ করে যাচ্ছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০১৮ ১৪:১০ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি গণহত্যার নিন্দা হিজবুল্লাহ'র, জোটের তদন্তকে 'ভুয়া' বলল এইচআরডব্লিউ

লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুদাইদা প্রদেশের আদদুরাইহিমি এলাকায় সৌদি-মার্কিন জোটের গতকালের গণহত্যা বা অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে, এই জোট বেসামরিক নারী ও শিশুদের হত্যা করে এবং বেসামরিক অবস্থানগুলোর ওপর হামলা চালিয়ে যুদ্ধ-অপরাধ করে যাচ্ছে। 

হিজবুল্লাহ এক বিবৃতিতে সৌদি জোটের এইসব পাশবিক ও নৃশংস অপরাধের মোকাবেলায় রুখে দাঁড়াতে বিশ্ব-সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনের জনগণ সৌদি জোটের মোকাবেলায় বিজয়ী হবে বলেও হিজবুল্লাহ মন্তব্য করেছে। 

হিজবুল্লাহ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন অপরাধযজ্ঞের বিষয়ে বিশ্ব-সমাজের নিরবতাকে সন্দেহজনক বলে অভিহিত করেছে। 

লেবাননের জনপ্রিয় এই আন্দোলন এ প্রসঙ্গে বলেছে, ইয়েমেনের স্কুল ছাত্রদের ওপর সৌদি-মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক গণহত্যার পর ওই ছাত্রদের রক্ত না শুকাতেই এই জোট আবারও ইয়েমেনে হুদাইদায় নতুন গণহত্যা ঘটিয়েছে এবং আন্তর্জাতিক সমাজ রহস্যজনকভাবে নিরব থেকে কেবলই হতাহতদের সংখ্যা গণনা করছে।    

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সৌদি সরকারের তত্ত্বাবধান ও নজরদারিতে পরিচালিত একটি তথাকথিত তদন্ত কমিটি বা সংস্থা ইয়েমেনে সৌদি যুদ্ধ-অপরাধগুলোকে আড়াল করে রাখছে দুই বছরেরও বেশি সময় ধরে।  

'ঘটনাবলী তদন্তের যৌথ দল' বা (জয়েন্ট ইনসিডেন্টস অ্যাসেসমেন্ট টিম) 'জেআইএটি' নামের একটি কমিটির তদন্ত বিষয়ে ৯০ পৃষ্ঠার এক বিশ্লেষণে আজ এই মন্তব্য করেছে হিউম্যান রাইট ওয়াচ। মজার ব্যাপার হল 'জেআইএটি' গঠন করা হয়েছে ইয়েমেনে হামলায় জড়িত দেশগুলোকে নিয়ে!  

হিউম্যান রাইট ওয়াচ আরও বলেছে, কথিত ওই সংস্থা বা কমিটি যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক রীতি-নীতি লঙ্ঘনের বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের নানা পদক্ষেপগুলো সম্পর্কে কোনো নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত চালাতে ব্যর্থ হয়েছে।  

বেসামরিক নাগরিকদের ওপর সৌদি বিমান হামলার নানা ঘটনা তদন্তে বেশিরভাগ ক্ষেত্রেই 'জেআইএটি' বলে থাকে যে সেসব হামলা 'বৈধ সামরিক অভিযানগুলোর অনিচ্ছাকৃত ফলাফল'। 

হিউম্যান রাইট ওয়াচের মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক সারা লিহ হুইটসন বলেছেন, সৌদি জোট দাবি করে যে 'জেআইএটি'  অবৈধ সৌদি বিমান হামলার নানা ঘটনার  বিশ্বাসযোগ্য তদন্ত চালিয়ে আসছে, কিন্তু এর তদন্তকারীরা যুদ্ধ-অপরাধগুলো ধামা-চাপা দেয়া ছাড়া অন্য কিছু খুব কমই করছে। 

তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিকারী মার্কিন ও ব্রিটিশ সরকারসহ অন্যান্য সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভুয়া তদন্তগুলো ইয়েমেন আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অপরাধ থেকে তাদেরকেও রক্ষা করতে পারবে না।  

হিউম্যান রাইট ওয়াচ ইয়েমেনে যুদ্ধ-অপরাধের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ বিচার করতে রিয়াদ ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) হুদাইদা প্রদেশে একটি বেসামরিক পরিবহনের ওপর সৌদি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু ও নারী। 

দুই সপ্তাহ আগে সা'দা প্রদেশের দাহিয়ান অঞ্চলের একটি বাজারে একটি স্কুল বাসের ওপর সৌদি বিমান হামলায় ৪০ শিশুসহ ৫১ ইয়েমেনি নিহত হয়। এ ছাড়াও ওই হামলায় আহত হয় ৫৬ শিশুসহ ৭৯ জন।

ইয়েমেনের পদত্যাগী, পলাতক ও সৌদিপন্থী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার নামে ২০১৫ সালের মার্চ মাস থেকে পশ্চিমা-মদদপুষ্ট সৌদি জোট ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এই জোটের নির্বিচার বিমান হামলায় হতাহত হয়েছে বিশ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে সৌদি জোটের নির্বিচার হামলায়। 

আরব আমিরাত ছাড়াও মিশর, বাহরাইন, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত সৌদি জোটের সদস্য এবং এই দেশগুলো ইয়েমেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।  #

পার্সটুডে/এমএএইচ/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন