ইদলিব মুক্ত করতে ‘সর্বাত্মক অভিযান’ চালানো হবে: সিরিয়া
-
ওয়ালিদ আল-মুয়াল্লেম
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার জন্য ‘সর্বাত্মক’ অভিযান চালানো হবে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী জাবহাত ফহেত আশ-শামের কাছ থেকে প্রদেশটি পুনরুদ্ধার করা হবে এবারের সেনা অভিযানের মূল লক্ষ্য।
রাশিয়া সফররত মুয়াল্লেম বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন।
মুয়াল্লেম বলেন, সিরিয়ায় গত সাত বছরের সংকট শেষ করে গোটা দেশ সরকারের নিয়ন্ত্রণে আনার ‘শেষ পদক্ষেপ’ হিসেবে ইদলিবে অভিযান চালানো হচ্ছে। তবে এ অভিযানে বেসামরিক নাগরিকদের যাতে সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়ে সেদিকেও লক্ষ্য রাখবে সেনাবাহিনী।
সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে উৎখাত করা সম্ভব হলেও এখনো ইদলিব প্রদেশটি জাবহাত ফতেহ আশ-শাম গোষ্ঠী দখল করে রেখেছে। এই গোষ্ঠী অতীতে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনা অভিযান থেকে আন-নুসরা গোষ্ঠীকে রক্ষা করার লক্ষ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ইদলিব প্রদেশে হামলা চালাতে চায়। তিনি আরো বলেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে রাশিয়ার সহযোগিতাকে সিরিয়ার জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
ইদলিব প্রদেশে উগ্র জঙ্গি গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট সেনা অভিযান থেকে রক্ষা পেতে রাসায়নিক হামলার অজুহাত তুলতে পারে বলেও সতর্ক করে দেন পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম। সম্প্রতি রাশিয়াও বলেছে, ইদলিবে সন্ত্রাসীরা রাসায়নিক হামলা চালিয়ে তার দোষ দামেস্ক সরকারের কাঁধে চাপিয়ে দিতে পারে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১