ইরাকের ঘটনাবলী পর্যবেক্ষণ করছে ইরান: বাহরাম কাসেমি
https://parstoday.ir/bn/news/west_asia-i63948-ইরাকের_ঘটনাবলী_পর্যবেক্ষণ_করছে_ইরান_বাহরাম_কাসেমি
ইরাকের ঘটনাবলীর ব্যাপারে ইরান আগামী কয়েকদিনের মধ্যে নিজের অবস্থান ঘোষণা করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি শুক্রবার রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৮ ০২:১৮ Asia/Dhaka
  • ফালিহ আল-ফাইয়াদ-হায়দার আল-এবাদি
    ফালিহ আল-ফাইয়াদ-হায়দার আল-এবাদি

ইরাকের ঘটনাবলীর ব্যাপারে ইরান আগামী কয়েকদিনের মধ্যে নিজের অবস্থান ঘোষণা করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি শুক্রবার রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।

সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির জনপ্রিয় গণ-স্বেচ্ছাসেবী বাহিনী- 'হাশদ আশ-শাবি'র প্রধান ফালিহ আল-ফাইয়াদকে বরখাস্ত করেন। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে কাসেমি বলেন, “ইরাক সরকারের প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তেহরান। তাদের কোনো কোনো পদক্ষেপ ভুল হচ্ছে এবং ইরান বিষয়গুলোর প্রতি গভীরভাবে নজর রেখেছে।”

ইরাক সরকার সেদেশের জনগণের স্বার্থে প্রতিটি পদক্ষেপ নেবে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাহরাম কাসেমি

প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বৃহস্পতিবার রাতে এক নির্দেশে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গণ-স্বেচ্ছাসেবী বাহিনীর প্রধানের পদ থেকে ফালিহ আল-ফায়াদকে সরিয়ে দেন। ইরাক থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে উৎখাতে জনপ্রিয় গণ-স্বেচ্ছাসেবী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইরাকি প্রধানমন্ত্রী তার নির্দেশে দাবি করেন, আল-ফায়াদ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে বরখাস্ত হয়েছে। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা রক্ষার স্পর্শকাতর দায়িত্বের সঙ্গে রাজনৈতিক তৎপরতা সাংঘর্ষিক হওয়ায় আল-ফায়াদকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তবে ইরাকের কোনো কোনো রাজনৈতিক সূত্র বলছে, মার্কিন হস্তক্ষেপে দেশটিতে একটি নয়া সরকার গঠিত হতে যাচ্ছে। আমেরিকার স্বার্থ রক্ষা করা হবে নতুন ওই সরকারের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যকে সামনে রেখে ফালিহ আল-ফায়াদকে সরিয়ে দেয়া হয়ে থাকতে পারে।

ইরাকে গত ১২ মে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নয়া পার্লামেন্ট এখনো সংখ্যাগরিষ্ঠ রায়ে নয়া প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হওয়ায় হায়দার আল-এবাদি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১