সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন ইরানি সামরিক উপদেষ্টারা থাকবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i64010-সিরিয়ার_সরকার_যতদিন_চাইবে_ততদিন_ইরানি_সামরিক_উপদেষ্টারা_থাকবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টারা এখনও সেদেশের সরকারি বাহিনীকে সহযোগিতা দিচ্ছেন এবং সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন তারা সেখানে অবস্থান করবেন। আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ১২:০৯ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টারা এখনও সেদেশের সরকারি বাহিনীকে সহযোগিতা দিচ্ছেন এবং সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন তারা সেখানে অবস্থান করবেন। আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিরিয়ার ইদলিবের পরিস্থিতি সম্পর্কে বাহরাম কাসেমি বলেন, ইদলিব হচ্ছে সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি। সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর হামলার বিষয়ে তাদের পৃষ্ঠপোষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা হৈচৈ শুরু করেছে এবং অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, সন্ত্রাসীদের মোকাবেলায় নিজেকে রক্ষার অধিকার সিরিয়ার সরকারের রয়েছে। 

সিরিয়া ইদলিবে হামলার বিষয়ে অনড় অবস্থান গ্রহণ করেছে বলে তিনি জানান। আগামী শুক্রবার  তেহরানে সিরিয়া ইস্যুতে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি এ বৈঠক প্রসঙ্গে বলেছেন, সিরিয়া সংক্রান্ত এ বৈঠকের বিষয়ে ইরান আশাবাদী। সন্ত্রাসবাদ মোকাবেলায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। 

পরমাণুু সমঝোতা ইস্যুতে ইউরোপের প্রস্তাব প্রসঙ্গে বাহরাম কাসেমি বলেন, ব্যাংকিং ও আর্থিক খাত নিয়ে ইরান ও ইউরোপের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে তা এখনও ইরানের প্রত্যাশা পূরণ করতে পারে নি এবং এটি চূড়ান্ত নয়। আশা করা হচ্ছে ইরানের আশা পূরণ করতে সক্ষম হবে ইউরোপ।

ইরাক ইস্যুতে তিনি বলেন, জনগণের সম্মতিতে ইরাকে যে সরকার গঠিত হবে, তাকে সম্মান জানাবে ইরান এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের দাবি ভিত্তিহীন বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন