গোলান ক্রসিং খুলে দেবে ইসরাইল: নিকি হ্যালি
-
গোলান মালভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের পর্যবেক্ষণ টাওয়ার
জাতিসংঘে নিযুক্ত আমেরিকার পদত্যাগী রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, চার বছর পর সোমবার গোলান মালভূমির ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হবে।
গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে হ্যালি দাবি করেন, গোলান মালভূমির কাছে কুনেইত্রা ক্রসিং খুলে দেয়ার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল, সিরিয়া ও জাতিসংঘ একটি সমঝোতায় পৌঁছেছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের দফায় দফায় হামলার পর ২০১৪ সালে এ ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়া হয়।
নিকি হ্যালি বলেন, ক্রসিং পয়েন্ট খুলে দেয়ার ফলে জাতিসংঘ শান্তিরক্ষীরা গোলান এলাকায় শত্রুতামূলক তৎপরতা প্রতিরোধে তাদের প্রচেষ্টা জোরদার করত পারবে। তিনি বলেন, “আমরা চাই ইসরাইল ও সিরিয়া দুপক্ষই জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রবেশাধিকার দেবে এবং তাদের নিরাপত্তার আশ্বাসও দেবে।” জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপদে ও কার্যকরভাবে মোতায়েনের জন্য সিরিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয় এবং চার বছর পর নিজের ভূখণ্ডের সঙ্গে তা যুক্ত করে নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এই পদক্ষেপকে কখনো স্বীকৃতি দেয় নি। ১৯৭৩ সালের যুদ্ধের এক বছর পর জাতিসংঘের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ও সিরিয়া সরকার তাদের সেনা সরিয়ে নিতে সম্মত হয় এবং একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয় যেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী টহল দেয়। ২০১৪ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী ওই এলাকা দখল করে নিলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে প্রত্যাহার করা হয়।#
পার্সটুডে/এসআইবি/১৩