যুবরাজকে অপসারণের আহ্বান ‘রেড লাইন’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i66023-যুবরাজকে_অপসারণের_আহ্বান_রেড_লাইন’_সৌদি_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে অপসারণের আহ্বানকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্স পরিবেশিত এ সংক্রান্ত একটি খবরকে তিনি হাস্যকর বলেও মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ (বামে) ও পররাষ্ট্রমন্ত্রী
    সৌদি যুবরাজ (বামে) ও পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে অপসারণের আহ্বানকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্স পরিবেশিত এ সংক্রান্ত একটি খবরকে তিনি হাস্যকর বলেও মন্তব্য করেন।

রয়টার্স ওই প্রতিবেদেন বলেছিল, সৌদি রাজপরিবারের অনেক সদস্য যুবরাজ বিন সালমানের অপসারণ চান। এসব সদস্য বিন সালমানের রাজা হওয়ার বিষয়ে বেঁকে বসেছেন।  এ সম্পর্কে আদেল আল-জুবায়ের বলেন, সৌদি আরব বিন সালমানের নেতৃত্বের বিষয়ে ঐক্যবদ্ধ। এ প্রতিবেদন সম্পর্কে মার্কিন টেলিভিশমন চ্যানেল সিএনবিসি-কে গতকাল (বুধবার) জুবায়ের বলেন, “এগুলো নীতিগর্হিত ও মনগড়া মন্তব্য এবং এগুলো সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।”

যুবরাজ বিন সালমান (বামে) ও নিহত সাংবাদিক জামাল খাশোগি

এদিকে, ব্রিটেশ গণমাধ্যম বিবিসি অনলাইনের সঙ্গে আলাপে জুবায়ের বলেছেন, “সৌদি আরবে আমাদের নেতৃত্ব হলো একটি শেষ সীমা বা রেড লাইন। দুটি পবিত্র মসজিদের জিম্মাদার রাজা সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান হলেন শেষ সীমা। তারা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেক সৌদি নাগরিক তাদের প্রতিনিধিত্ব করেন। রাজা বা যুবরাজের প্রতি অপমানজনক কোনো আলোচনাই সৌদি আরব সহ্য করবে না।”

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ঢোকার পর খাশোগিকে হত্যা করা হয়। যুবরাজ সালমান এই খুনের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-ও একই কথা বলেছে।#

পার্সটুডে/এসআইবি/২২