বহু বছর পর মানবিজ শহরে প্রবেশ করল সিরিয়ার সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i66907-বহু_বছর_পর_মানবিজ_শহরে_প্রবেশ_করল_সিরিয়ার_সেনাবাহিনী
তুরস্কের সীমান্তবর্তী মানবিজ শহরে প্রবেশ করেছে সিরিয়ার সেনাবাহিনী। একজন সেনা মুখপাত্র আজ (শুক্রবার) জানিয়েছেন, এর ফলে বহু বছর পর মার্কিন-সমর্থিত জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিল সেনাবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৮ ১৩:৩৫ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

তুরস্কের সীমান্তবর্তী মানবিজ শহরে প্রবেশ করেছে সিরিয়ার সেনাবাহিনী। একজন সেনা মুখপাত্র আজ (শুক্রবার) জানিয়েছেন, এর ফলে বহু বছর পর মার্কিন-সমর্থিত জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিল সেনাবাহিনী।

২০১১ সালের মার্চ মাসে বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা সিরিয়ায় সহিংসতা শুরু করার পর মানবিজ শহর সেনাবাহিনীর হাতছাড়া হয়ে গিয়েছিল।

সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর মানবিজ শহরের অধিবাসীরা এই শহর পুনরুদ্ধারের জন্য সিরিয়ার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিল।

সেনাবাহিনী বলেছে, তারা মানবিজের অধিবাসীসহ শহরে অবস্থানরত সবার নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে।

মানবিজ শহর পুনরুদ্ধারকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ঘটনাকে ‘ইতিবাচক অগ্রগতি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “অবশ্যই এ ঘটনা সিরিয়া পরিস্থিতিকে স্থিতিশীল করতে সহায়তা করবে। অঞ্চলটি সিরিয়ার সেনা নিয়ন্ত্রণে চলে আসার ঘটনা অবশ্যই একটি ইতিবাচক অগ্রগতি।”

সিরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, মূলত কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত মানবিজ শহরের বিভিন্ন স্থান ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে মানবিজ শহরে মার্কিন সেনাদের যে ঘাঁটি ছিল তা এখনো সেখানে রয়েছে নাকি আমেরিকার সেনাদের প্রত্যাহার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

মানবিজ শহরটি এতদিন মার্কিন-সমর্থিত কুর্দি জঙ্গি গোষ্ঠী ওয়াইপিজি’র নিয়ন্ত্রণে ছিল। তুরস্ক এই গোষ্ঠীকে সেদেশের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী-পিকেকে’র অঙ্গ সংগঠন বলে মনে করে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮