আগুন নিয়ে খেলবে না: ইসরাইলকে হাশ্‌দ আশ-শাবির হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i67505-আগুন_নিয়ে_খেলবে_না_ইসরাইলকে_হাশ্_দ_আশ_শাবির_হুঁশিয়ারি
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি ইহুদিবাদী ইসরাইলকে আগুন নিয়ে না খেলার জন্য হঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসরাইলি বাহিনী ইরাকের এ সংগঠনের যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইঙ্গিত দেয়ার পর হাশ্‌দ আশ-শাবি এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০১৯ ১৪:১৫ Asia/Dhaka
  • উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয় হাশ্‌দ আশ-শাবি
    উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয় হাশ্‌দ আশ-শাবি

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি ইহুদিবাদী ইসরাইলকে আগুন নিয়ে না খেলার জন্য হঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসরাইলি বাহিনী ইরাকের এ সংগঠনের যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইঙ্গিত দেয়ার পর হাশ্‌দ আশ-শাবি এ হুঁশিয়ারি উচ্চারণ করল।

হাশ্‌দ আশ-শাবির অন্যতম কমান্ডার মঈন আল-কাযেমি ইরাকের কুর্দি টেলিভিশন রুদাওকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল (রোববার) বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের কঠোর জবাব দেয়ার জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যদিও ইসরাইল এ ধরনের হামলা চালায় নি তবে ইহুদিবাদী গণমাধ্যম এ নিয়ে ভুয়া খবর প্রচার করে ইরাক সরকারের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। আল-কাযেমি বলেন, কোনো সন্দেহ নেই যে, ইসরাইল যদি হাশ্‌দ আশ-শাবির বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

আল-কাযেমি বলেন, হাশ্‌দ আশ-শাবি হচ্ছে ইরাকের সরকারি একটি সামরিক সংস্থা এবং ইরাক সরকারের অর্থে পরিচালিত  হয়। অতএব, ইরাককে রক্ষা করার অধিকার এ সংগঠনের রয়েছে।

চলতি মাসের প্রথম দিকে মাইক পম্পেও কুর্দিস্তান সফরের সময় বলেছিলেন, ইসরাইল যদি হাশ্‌দ আশ-শাবির ওপর হামলা চালায় তাহলে আমেরিকা কোনো প্রতিক্রিয়া দেখাবে না।#

পার্সটুডে/এসআইবি/২১