‘কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে সমর্থন করে কুয়েত’
https://parstoday.ir/bn/news/west_asia-i67711-কাতারের_সঙ্গে_ইরানের_সম্পর্ককে_সমর্থন_করে_কুয়েত’
কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃপ্রতীম কাতারের সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপকে সমর্থন করে তার দেশ।  একইভাবে ইরাক ও তুরস্কের সঙ্গেও কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করে কুয়েত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ১৮:৫০ Asia/Dhaka
  • কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ
    কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ

কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃপ্রতীম কাতারের সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপকে সমর্থন করে তার দেশ।  একইভাবে ইরাক ও তুরস্কের সঙ্গেও কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করে কুয়েত।

কুয়েত সিটিতে ভারতের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে এসব কথা বলেন জারাল্লাহ। আরবি ভাষার দৈনিক খালিজ আল-জাদিদ এ খবর দিয়েছে।  

তিনি বলেন, দোহা যে দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তা করতে পারে; সে অধিকার তাদের আছে। এ ধরনের সম্পর্ককে পারস্য উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে  বিচ্ছিন্নতা বলে ব্যাখ্যা করা উচিত হবে না। তিনি আরো বলেন, কাতার ও সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট খুব দ্রুত শেষ হবে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

কাতারের ওপর সৌদি আরব অবরোধ দেয়ার পরপরই ইরান কার্গো বিমানে করে খাদ্য পাঠায় দোহায়

এর আগে কাতারে উপ পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান বিন জাসিম আলে-সানি বলেছেন, “ইরান হচ্ছে ভৌগোলিকভাবে আমাদের প্রতিবেশী দেশ এবং আশা করি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করবে।”#

পার্সটুডে/এসআইবি/২৯