এখন কার্যত ইরানই কেবল ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে: ইসলামি জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i67730-এখন_কার্যত_ইরানই_কেবল_ফিলিস্তিনকে_সমর্থন_দিচ্ছে_ইসলামি_জিহাদ
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, কার্যত একমাত্র ইসলামি ইরান এখন ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। তিনি আজ (বুধবার) ফিলিস্তিনের গবেষণা কেন্দ্র 'বাহিস' এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • জিয়াদ আন-নাখালা
    জিয়াদ আন-নাখালা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, কার্যত একমাত্র ইসলামি ইরান এখন ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। তিনি আজ (বুধবার) ফিলিস্তিনের গবেষণা কেন্দ্র 'বাহিস' এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিয়াদ আন-নাখালা আরও বলেছেন, ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে ইরানকে নানাভাবে আঘাতের চেষ্টা চলছে। আমেরিকাসহ বিভিন্ন দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ফিলিস্তিনিদেরকে সমর্থন করার কারণে ইরানকে চড়া মূল্য দিতে হচ্ছে বলে তিনি জানান।  

আন-নাখালা বলেন, প্রতিরোধ সংগ্রাম এবং সিরিয়ার ওপর আঘাত হানতে আরব দেশগুলো একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।  তিনি আরও বলেন, আরব দেশগুলো ইহুদিবাদী ইসরাইলের নানা ষড়যন্ত্রে সমর্থন দিচ্ছে এবং ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও প্রকাশ্য রূপ নিয়েছে। 

তিনি বলেন, মাতৃভূমি মুক্ত করার জন্য প্রতিরোধ সংগ্রাম ছাড়া ফিলিস্তিনিদের সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। নিজ ভূমিতে ফেরার অধিকার ফিরে পেতে ফিলিস্তিনিরা গত কয়েক মাস ধরে যে বিক্ষোভ করে আসছে তা প্রতিরোধ সংগ্রামেরই অংশ বলে জানান জিয়াদ আন-নাখালা। 

নিজ ভূমিতে ফেরার জন্য গত বছরের ৩০ মার্চ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে এ পর্যন্ত আড়াইশ'র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও ২৬ হাজার ফিলিস্তিনি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০