পিছু হটছেন না ফিলিস্তিনিরা; আজও বিক্ষোভে যোগ দিচ্ছেন গাজাবাসীরা
-
ফিলিস্তিনিদের বিক্ষোভ (ফাইল ফটো)
ফিলিস্তিনিরা আজও গাজায় বিক্ষোভে যোগ দিচ্ছেন। প্রতি শুক্রবারই গাজাবাসীরা নিজ ভিটেমাটিতে ফেরার দাবিতে ইহুদিবাদী ইসরাইলের সীমান্তের কাছে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
আয়োজকরা বলেছেন, আজও বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেবে। দখলদারদের কাছ থেকে নিজেদের ভূমি ফেরৎ পেতে এবং অবরোধ ভাঙতে এ বিক্ষোভে অংশ নেবেন তারা।
নিজ ভিটেমাটিতে ফেরার অধিকার চেয়ে প্রায় এক বছর ধরে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। প্রতি শুক্রবার গাজা সীমান্তের কাছে সমবেত হন তারা। আজ ৪৭তম শুক্রবার।
গাজার অধিবাসীরা জানিয়েছেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের বিক্ষোভ ও স্লোগানও সহ্য করতে পারে না ইহুদিবাদীরা। এ কারণে তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং টিয়ার শেল নিক্ষেপ করে প্রতি শুক্রবারের বিক্ষোভেই একই চিত্র লক্ষ্য করা যায়। গাজাবাসীর সামনে আর কোনো পথ খোলা না থাকায় মৃত্যু নিশ্চিত জেনেও প্রতি শুক্রবারের বিক্ষোভে অংশ নিচ্ছে ফিলিস্তিনি মুসলমানরা। মুক্তির জন্য তারা রক্ত দিতেও দ্বিধা করছে না।
গত ৩০ মার্চ থেকে শুরু হয়েছে নিজ ভিটেমাটিতে ফেরার দাবি আদায়ের নয়া আন্দোলন। এতে অংশ নেওয়া ২৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা।আহত হয়েছে আরও ২৭ হাজার ফিলিস্তিনি।
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিজের অস্তিত্ব ঘোষণা করার পর থেকে এক মুহূর্তের জন্যও অপরাধ বন্ধ রাখে নি। এখনও বিভিন্ন এলাকায় হানা দিয়ে ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে ইহুদি উপশহর নির্মাণ অব্যাহত রেখেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫