প্রতিশোধ কেবল সন্ত্রাসীদের ওপরই সীমিত থাকবে না: সালামি
https://parstoday.ir/bn/news/west_asia-i68313-প্রতিশোধ_কেবল_সন্ত্রাসীদের_ওপরই_সীমিত_থাকবে_না_সালামি
ইরানের শীর্ষস্থানীয় জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সম্প্রতি ইরানের সিস্তান-বেলুচিস্তান অঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার প্রতিশোধ কেবল একদল সন্ত্রাসীর ওপরই সীমিত থাকবে না। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৬:৩২ Asia/Dhaka
  • ইরানের শীর্ষস্থানীয় জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
    ইরানের শীর্ষস্থানীয় জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি

ইরানের শীর্ষস্থানীয় জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সম্প্রতি ইরানের সিস্তান-বেলুচিস্তান অঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার প্রতিশোধ কেবল একদল সন্ত্রাসীর ওপরই সীমিত থাকবে না। 

তিনি আজ শুক্রবার এ প্রসঙ্গে বলেছেন, ওই হামলার জবাব কেবল কয়েকজন সন্ত্রাসীর সাথে সংঘাতেই সীমিত থাকবে না, ওই সন্ত্রাসীদের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে তা বের করে তাদেরকে খুব শক্তিশালী কিছু জবাব দেয়া হবে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান সালামি ইরানের প্রতি সৌদি ও আরব আমিরাত সরকারের শত্রুতার নিন্দা জানিয়ে বলেন, জাহেদানের ওই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছে সৌদি ও আমিরাত সরকার । তিনি বলেন, আমরা বড় বড় শক্তিগুলোকে হারাতে চাই, জাহেদানে সন্ত্রাসী হামলা আমাদের জন্য খুবই ক্ষুদ্র! আরব আমিরাত ও সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন সরকারের পক্ষ হয়ে  সন্ত্রাসীদের সহায়তা দেয়ায় তারা প্রতিশোধমূলক জবাব পেতে পারে। সালামি বলেন, আমাদের জবাব হবে খুবই কঠোর এবং যারা তা পাবে তারা তা বুঝতে পারবে। 

ইরানের শীর্ষস্থানীয় সেনা-কর্মকর্তা ও নেতৃবৃন্দ সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার অবশ্যই কঠোর জবাব দেয়া হবে বলে জোর দিয়ে আসছেন। 

গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে ইরানি সীমান্তরক্ষী বহনকারী একটি বাস আত্মঘাতী সন্ত্রাসী হামলার শিকার হলে ২৭ জন সীমান্তরক্ষী শহীদ ও ১৩ জন আহত হয়। জাইশুল আদল নামের একটি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে। আত্মঘাতী হামলাকারী পাকিস্তানের নাগরিক বলে ইরান জানিয়েছে। 

ইরান বলে আসছে জাইশুল আদল নামের এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে পাকিস্তানকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। #

পার্সটুডে/এমএএইচ/২২