সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের খেসারত: প্রতিরোধ সংগঠন নুজাবার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
ইরাকের প্রতিরোধ সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন নুজাবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ২০১৭ সালের শেষের দিকে ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দিয়েছিল এ সংগঠন।
গতকাল (মঙ্গলবার) মার্কিন অর্থবিভাগ নুজাবা এবং এর প্রধান আকরাম আল কাবির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দফতরটি এক সংবাদ ব্রিফিংয়ে দাবি করেছে যে নুজাবা এবং এর নেতা গুরুতর অপরাধে লিপ্ত হয়েছে। ভবিষ্যতে তারা যেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে বা পরিকল্পনা করতে না পারে সে জন্য তাদেরকে কালোতালিকাভুক্ত করা হয়েছে বলে দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এছাড়া, নিষেধাজ্ঞার আওতায় সংগঠন এবং এর প্রধানের সম্পদ বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি কোনো মার্কিন নাগরিক এদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে লিপ্ত হতে পারবে না। এদিকে, ইরাকের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের কথিত অভিযোগে মার্কিন অর্থবিভাগ ২০০৮ সালে কাবির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দশ হাজারের বেশি প্রতিরোধ যোদ্ধা নিয়ে নুজাবা ইরাকের সরকার সমর্থিত জনপ্রিয় প্রতিরোধ সংগঠন হাশদ্ আশ শাবির ব্যানারে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে।
নুজাবার ওপর এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের নিজ দেশে ফিরে যেতে দেশটিতে জোর দাবি উঠেছে। #
পার্সটুডে/বাবুল আখতার/৬