মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোকে অপমান করেছেন ট্রাম্প: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i69155-মুসলিম_বিশ্ব_ও_আরব_দেশগুলোকে_অপমান_করেছেন_ট্রাম্প_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোকে অপমান করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০১৯ ০২:৪৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোকে অপমান করেছেন।

তিনি মঙ্গলবার এক বক্তৃতায় আরো বলেছেন, এ পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ার ওপর চরম আঘাত হেনেছেন। তিনি তিউনিশিয়ায় আসন্ন আরব শীর্ষ সম্মেলন থেকে আমেরিকার এ পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, আরব দেশগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকলে অচিরেই অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের ওপরও ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে ওয়াশিংটন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর আরব দেশগুলো যদি প্রতিক্রিয়া দেখাতে তাহলে গোলান মালভূমির ব্যাপারে এই ন্যাক্কারজনক পদক্ষেপ নেয়ার সাহস মার্কিন সরকার দেখাতে পারত না।

আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোমবার গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওইদিন হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের উপদেষ্টা ও ইহুদি জামাই জ্যারেড কুশনারের উপস্থিতিতে এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তিনি।

গোলানের ওপর ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার অবৈধ ঘোষণাপত্রে সই করছেন ট্রাম্প

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনই এর স্বীকৃতি দেয়নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে অন্যান্য দেশগুলোও ইসরাইলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প এক টুইটার বার্তায়  বলেন, ৫২ বছর পর গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেয়ার এখনই উপযুক্ত সময়।

মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে মুসলিম ও আরব বিশ্বকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭