সিরিয়ার সন্ত্রাসী ঘাঁটিতে মিলল মার্কিন ট্যাংক বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র
-
তেপায়ায় বসানো ক্ষেপণাস্ত্র ছোঁড়ার লাঞ্চার (ফাইল ছবি)
সিরিয়া সেনারা সদ্য মুক্ত হওয়া সন্ত্রাসী অধিকৃত এলাকাগুলোতে তল্লাসি চালিয়ে ট্যাংক বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র টিওডব্লিউসহ ব্যাপক পরিমাণে মার্কিন অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে। সম্প্রতি সন্ত্রাসী মু্ক্ত হওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলে এ তল্লাসি চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘সানা।’
অবশ্য, ঠিক কোথায় এ তল্লাসি চালানো হয়েছে ‘সানা’র খবরে তা উল্লেখ করা হয়নি। কিন্তু আস-সুভাইদা প্রদেশ থেকে দায়েশের শেষ অবস্থান হিসেবে পরিচিত অঞ্চল সম্প্রতি মুক্ত করেছে সিরিয় সেনাবাহিনী। এই অঞ্চলে তল্লাসি চালানো হয়েছে বলেই যুক্তিসঙ্গত ভাবে ধারণা করা হচ্ছে।
টিওডব্লিউ বলতে বোঝানো হয় টিউব লাঞ্চড, অপটিক্যালি-ট্রাক্টট, ওয়্যার-গাইডেড ক্ষেপণাস্ত্র। তেপায়া বা গাড়িতে বসানো লাঞ্চার থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। এতে তার বাঁধা থাকে এবং এ দিয়ে দিক নির্দেশনার মাধ্যমে তিন কিলোমিটারের চেয়ে বেশি দূরে অবস্থিত লক্ষ্যে আঘাত হানা যায়। শত্রুর ট্যাংক ধ্বংসের প্রধান অস্ত্র হিসেবে এটি ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী।(মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিিডিও উপরে)
এর আগেও দেশটির সন্ত্রাসী ঘাঁটিগুলো থেকে উদ্ধার হয়েছে মার্কিন এবং ইহুদিবাদী ইসরাইলি অস্ত্র-শস্ত্র। গত ফেব্রুয়ারি মাসে রাজধানী দামেস্কের কাছে আমেরিকা এবং ইসরাইলের তৈরি অস্ত্র পাওয়া গেছে। জানুয়ারি মাসে দা’রা প্রদেশের সাবেক সন্ত্রাসী ঘাঁটি থেকে মার্কিন-ইসরাইলি অস্ত্র পাওয়া গেছে বলে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি জানিয়েছে। এর এক মাস আগেই দা’রা এবং কুনিয়াত্রা প্রদেশে থেকে উদ্ধার হয়েছে মার্কিন অস্ত্র-শস্ত্র এবং ইসরাইলি ওষুধপত্র।#
পার্সটুডে/মূসা রেজা/২৯