ইয়েমেনি সেনাদের অভিযানে সৌদি জোটের ব্যাপক ক্ষয়ক্ষতি
-
ইয়েমেনি সেনাদের হামলা (ফাইল ফটো)
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতরাতে জানিয়েছে,তাদের সীমান্ত প্রদেশ সা'দায় সৌদি জোটের অন্তত ১৯০ জন হতাহত হয়েছে।
আল-মাসিরা নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে, সাদা এলাকায় সৌদি জোটের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। তাদের হামলায় সৌদি জোটের ৯০ সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছে।
সারি আরও জানিয়েছে ইয়েমেনি সেনারা সেদেশের 'জালে'এবং 'আব' প্রদেশের "নাসেহ" এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকাটিকে সৌদি ভাড়াটে সেনাদের দখল থেকে মুক্ত করেছে।
ইয়েমেনি সেনারা সৌদি আরবের নজরানের আজাশির এলাকায়ও জিলজাল-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সৌদিআরব ২০১৫ সালের মার্চ মাসে আমেরিকার সমর্থনে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সঙ্গে জোট বেঁধে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে।দেশটির ওপর এই জোট জল-স্থল এবং আকাশপথে অবরোধ আরোপ করে।
সৌদি জোটের আগ্রাসনে এ পর্যন্ত ১৬ হাজারেরও বেশি ইয়েমেনি নিহত হয়েছে। হাজার হাজার হয়েছে আহত এবং কয়েক মিলিয়ন ইয়েমেনি শরণার্থীতে পরিণত হয়েছে।
ইয়েমেনে এখন খাদ্য ও ওষুধের অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।তারপরও সৌদি জোট ইয়েমেনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি।
সৌদি জোটের টার্গেট হলো ইয়েমেনে তাদের অনুগত শক্তিকে ক্ষমতায় বসাতে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৯