ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ হবে আরও ভয়াবহ: লেবাননের স্পিকার
-
নাবি বেরি
লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, ইহুদিবাদীরা জোর করে যা কিছু ছিনিয়ে নিয়েছে তা ফিরে পেতে ঐক্য ও প্রতিরোধ সংগ্রাম অপরিহার্য। আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
লেবাননের স্পিকার আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে সব ধরণের সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী এবং সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন। এরপর ট্রাম্প আরও ভয়াবহ পদক্ষেপ নেবেন।
নাবি বেরি বলেন, ট্রাম্প এমন এক ভূখণ্ড ইসরাইলকে দিয়েছেন যার মালিক তিনি নন। নিজেদের ভূখণ্ড ইসরাইলের দখলমুক্ত করতে এখন ঐক্য ও প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন অব্যাহত রেখেছে। আইপিইউ'র পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে এসব তৎপরতার নিন্দা জানাতে হবে।
গতকাল থেকে কাতারের দোহায় আইপিইউ'র ১৪০তম বৈঠক শুরু হয়েছে। চলবে আগামী বুধবার পর্যন্ত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮