ইদলিবে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটি পুনর্দখলে নিয়েছে সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i70323-ইদলিবে_সন্ত্রাসীদের_কয়েকটি_ঘাঁটি_পুনর্দখলে_নিয়েছে_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্ব অংশে উগ্র তাকফিরি গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ শামের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে তাদের কয়েকটি ঘাঁটি পুনদর্খলে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৯ ১৩:৩২ Asia/Dhaka
  • ইদলিবে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটি পুনর্দখলে নিয়েছে সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্ব অংশে উগ্র তাকফিরি গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ শামের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে তাদের কয়েকটি ঘাঁটি পুনদর্খলে নিয়েছে।

আজ (রোববার) সিরিয়ার সরকারি বাহিনী ইদলিব শহরের দক্ষিণ উপকণ্ঠে অবস্থিত বিদামা গ্রামে সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা 'সানা' জানিয়েছে। সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত নিরাপদ অঞ্চলের ভেতরে থাকা শহর এবং সামরিক অবস্থানে সন্ত্রাসীদের হামলা চালানোর পরিপ্রেক্ষিতে গত কয়েক দিন ধরে সেনাবাহিনী ইদলিব এবং হামা শহরের উপকণ্ঠে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়।  

গতকাল শনিবার সেনাবাহিনী ইদলিব শহরের কাছে সন্ত্রাসীদের ওইসব অবস্থানে হামলা চালায় এবং এতে বহু সন্ত্রাসী হতাহত হয়। জাবহাত ফাতেহ আশ শাম এর আগে আন নুসরা নামে পরিচিত ছিল। ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু  হওয়ার পর থেকে আন নুসরাসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর দখলে থাকা বেশিরভাগ ভূখণ্ড পুনদর্খলে নিয়েছে সরকারি সেনারা।#

পার্সটুডে/বাবুল আখতার/১২