ফুজায়রা বন্দরের কাছে সৌদি আরবের ২ জাহাজ হামলার শিকার
-
ফুজায়রা বন্দরের দিকে যাচ্ছে একটি তেল ট্যাংকার (ফাইল ফটো)
সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে যেসব তেলবাহী জাহাজ ‘নাশকতামূলক হামলার’ শিকার হয়েছে তার মধ্যে সৌদি আরবের দুটি জাহাজ রয়েছে। সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ আজ (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা উপকূলে এসব জাহাজ হামলার শিকার হয়।
সৌদি মন্ত্রী দাবি করেছেন, হামলার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটে নি কিংবা সমুদ্রেবক্ষে তেল ছড়িয়ে পড়ে নি। তবে জাহাজ দুটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে যে, ফুজায়রা উপকূলে চারটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।
ফালিহ বলেছেন, দুটি তেল ট্যাংকারের মধ্যে একটি সৌদি আরবের রাস তানুরা অয়েল টার্মিনাল থেকে অপরিশোধিত তেল নিয়ে আমেরিকা যাচ্ছিল। সৌদি মন্ত্রী দাবি করেন, জাহাজ চলাচলের স্বাধীনতা বিঘ্নিত এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাধীনভাবে জাহাজ ও তেল ট্যাংকার চলাচল নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। সংযুক্ত আরব আমিরাতও একই রকমের বক্তব্য দিয়েছে।
এদিকে কারা কেন এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কেউ এখনো হামলার দায়িত্ব স্বীকার করে নি।#
পার্সটুডে/এসআইবি/১৩