তুরস্ক এখন এস-৫০০ কিনতে চায়
https://parstoday.ir/bn/news/west_asia-i70509-তুরস্ক_এখন_এস_৫০০_কিনতে_চায়
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ এখন রাশিয়া থেকে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। এস-৫০০ হচ্ছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৯ ১১:২৭ Asia/Dhaka
  • তুরস্ক এখন এস-৫০০ কিনতে চায়

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ এখন রাশিয়া থেকে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। এস-৫০০ হচ্ছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ।

রাশিয়া থেকে এস-৪০০ কেনা নিয়ে যখন আমেরিকা ও ন্যাটো জোটের বেশিরভাগ সদস্য দেশের সঙ্গে তুরস্কের মতবিরোধ চলছে তখন এরদোগান একথা বললেন।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে টেলিভিশন চ্যানেলের এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, রাশিয়া থেকে এস-৪০০ কেনার চুক্তি একটি ‘সম্পন্ন চুক্তি’ এবং মার্কিন হুমকির মুখে আংকারা অবশ্যই এ চুক্তি থেকে পিছু হটবে না।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তিনি বলেন, চুক্তি অনুসারে আগামী জুলাই মাস অথবা তারও আগে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের কাজ শুরু করবে রাশিয়া। দেশটি তুরস্ককে খুব ভালো শর্তে এস-৪০০ দিচ্ছে বলেও তিনি জানান। এরদোগান বলেন, এস-৪০০ পাওয়ার পর তুরস্ক রাশিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগে এস-৫০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির  বিষয়ে আলোচনা করবে।

রাশিয়া থেকে এস-৪০০ কেনার জন্য তুরস্ক আড়াইশ কোটি ডলারের চুক্তি করেছে। কিন্তু আমেরিকা তাতে বাধা দিচ্ছে। এরইমধ্যে আমেরিকা হুমকি দিয়েছে যে, এস-৪০০ কিনলে ওয়াশিংটন আংকারাকে এফ-৩৫ বিমান দেবে না, এমনকি ন্যাটো জোট থেকে তুরস্ককে বহিষ্কারের হুমকি দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৯