ইরাকে হাশ্দ আশ শাবি'র অস্ত্রাগারে হামলার বিরুদ্ধে বিক্ষোভ
ইরাকের আল-আনবার প্রদেশের রামাদি শহরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইরাকের জনপ্রিয় গণস্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ শাবি'র বিভিন্ন স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরাকের নিউজ পোর্টাল আল-ইউম আজ (শনিবার) জানিয়েছে, গতকাল রামাদি শহরের মানুষ হাশ্দ আশ শাবি'র প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেছে।এ সময় তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং হাশ্দ আশ শাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। এ সময় তাদের হাতে হাশ্দ আশ শাবির পক্ষে লেখা বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। স্থানীয় উপজাতীয়রাও এ বিক্ষোভে যোগ দেয়।
আল-আনবার প্রদেশের সন্ত্রাসবিরোধী উপজাতীয় পরিষদের প্রধান রাফি আব্দুল কারিম আল ফাহাদাভি বলেছেন, হাশ্দ আশ শাবির অস্ত্র-গুদামে সাম্প্রতিক হামলার পেছনে আমেরিকা জড়িত রয়েছে। তিনি বলেন, আমেরিকার মদদেই এসব হামলা হয়েছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে উপজাতীয়রাও আগ্রাসন মোকাবেলায় মাঠে নামবে।
গত এক মাসে ইরাকের হাশ্দ আশ শাবি'র কয়েকটি সামরিক ঘাঁটিতে অন্তত চার দফা হামলা ও অগ্নিকাণ্ড ঘটেছে। ইরাকের সন্ত্রাসবিরোধী প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য হচ্ছে হাশ্দ আশ শাবি। তারা প্রথম থেকেই আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।