‘রাজনৈতিক সমাধানকে সম্মান করে সিরিয়া তবে লড়াই চলবে’
-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশ যেকোনো রাজনৈতিক সমাধানকে সম্মান করে তবে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গায়ের পেডারসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন ওয়ালিদ আল-মুয়াল্লেম। আজ (সোমবার) রাজধানী দামেস্কে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃসিরিয়া সংলাপের মাধ্যমে রাজনৈতিক উপায়ে দেশের চলমান সমস্যা সমাধানের জন্য দামেস্ক সরকার জাতিসংঘের বিশেষ দূতকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার অধিকার সিরিয়ার সরকার রাখে এবং রাজনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই অব্যাহত থাকবে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজকের বৈঠকে দুপক্ষ সাংবিধানিক কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছে। এ ধরনের কমিটি গঠিত হলে সিরিয়ার রাজনৈতিক সমাধান সহজ হবে বলে মনে করা হয়। সিরিয়া সরকার দাবি করছে সাংবিধানিক কমিটি গঠিত হতে হবে সম্পূর্ণ সিরিয়া ইস্যুকে সামনে রেখে এবং সিরিয়ার জনগণই এর সদস্য থাকবেন; বৈদেশিক কোনো রকমের হস্তক্ষেপ ছাড়াই তারা সব সিদ্ধান্ত নেবেন।#
পার্সটুডে/এসআইবি/২৩