দাবি মেনে নিতে প্রস্তুত, পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i74191-দাবি_মেনে_নিতে_প্রস্তুত_পরিবর্তনে_প্রতিশ্রুতিবদ্ধ_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, যেসব দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবাদ সমাবেশ করছেন তাদের সেসব দাবি-দাওয়া মেনে নিতে তার সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের সামগ্রিক পরিবর্তনে তার সরকারের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০১৯ ০৭:১৬ Asia/Dhaka
  • ইরাকে সহিংস বিক্ষোভ
    ইরাকে সহিংস বিক্ষোভ

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, যেসব দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবাদ সমাবেশ করছেন তাদের সেসব দাবি-দাওয়া মেনে নিতে তার সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের সামগ্রিক পরিবর্তনে তার সরকারের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন।

গতরাতে ইরাকি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, দুর্নীতি, বেকারত্ব এবং ঘুষের মত বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। তবে তিনি দেশের দরিদ্র পরিবারগুলোর জন্য একটা মৌলিক আয়ের ব্যবস্থা করার জন্য নতুন আইন পাস করবেন বলে জানান।

টেলিভিশনে দেয়া ভাষণে আবদুল মাহদি মন্ত্রিসভায় পরিবর্তন আনার জন্য  তার সংসদীয় জোটের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের দাবি পূরণ করা সম্ভব হবে। ইরাক জুড়ে যখন প্রচণ্ড বিক্ষোভ চলছে এবং বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির পদত্যাগ দাবি করছেন তখন গত রাতে তিনি এ  ভাষণ দিলেন।

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি

প্রধানমন্ত্রী আবদুল মাহদি বলেন বিক্ষোভকারীরা দুর্নীতির অবসান চেয়ে যে দাবি জানাচ্ছেন তা সঠিক এবং সরকারকে কাজ করতে দিলেই কেবল এই দাবি বাস্তবায়ন করা সম্ভব। এর আগে গতকাল প্রধানমন্ত্রী আব্দুল মাহদি জাতীয় সংলাপ অনুষ্ঠানের জন্য একটি বিবৃতি দিয়েছেন।

গত মঙ্গলবার থেকে দুর্নীতি এবং বেকারত্বের মতো কিছু সমস্যার সমাধান চেয়ে ইরাকজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। এ নিয়ে রাজধানী বাগদাদসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংস বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ইরাক সরকার গতকাল রাজধানী বাগদাদে কারফিউ জারি করেছে।#

পার্সটুডে/এসআইবি/৪