ইরান থেকে বিদ্যুৎ আমদানি: আবারো ইরাককে নিষেধাজ্ঞা ছাড় দিল আমেরিকা
-
ইরান থেকে ইরাকে বিদ্যুৎ রপ্তানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করার জন্য ইরাককে আবার নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল (বুধবার) জানিয়েছেন, স্বল্পমেয়াদী জ্বালানি চাহিদা মেটানোর জন্য ইরাককে ইরানের কাছ থেকে বিদ্যুৎ ও গ্যাস কেনার জন্য নিষেধাজ্ঞা ছাড় দেয়া হয়েছে। তিনি বলেন, “ইরাকের বিদ্যুৎ পরিস্থিতি স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা দেশটির সব ধরনের পদক্ষেপকে নিয়মিতভাবে সমর্থন দিয়ে যাচ্ছি।”
এক বছর আগে ইরানের জ্বালানি রপ্তানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর এ নিয়ে আমেরিকা ছয় দফা নিষেধাজ্ঞা ছাড় দিল। প্রথমে ৪৫ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল, তারপরে মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই দফায় ৯০ দিনের ছাড় ঘোষণা করে। এরপর গত জুন মাসে ১২০ দিনের জন্য ইরাককে নিষেধাজ্ঞা ছাড়ের আওতায় আনে।
ইরাকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরান থেকে গ্যাস আমদানি করতে হয়। এছাড়া, ইরান আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি ইরাকে রপ্তানি করে থাকে।
ইরান এবং ইরাকের মধ্যে অভিন্ন ১,৪০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। ইরাক বিদ্যুৎসহ নানা দ্রব্য , যন্ত্রপাতি ও কৃষিপণ্য ইরান থেকে আমদানি করে থাকে।#
পার্সটুডে/এসআইবি/১৭