গণবিক্ষোভে সরাসরি অংশ নিতে পারছে না হিজবুল্লাহ: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i74766-গণবিক্ষোভে_সরাসরি_অংশ_নিতে_পারছে_না_হিজবুল্লাহ_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশ বর্তমানে একটি স্পর্শকাতর সময় অতিক্রম করছে এবং যে গণবিক্ষোভ চলছে তার প্রতি কোনো বিশেষ দল বা দূতাবাসের উসকানি প্রদান কোনমতেই কাম্য নয়।তিনি শুক্রবার লেবাননের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এক ভাষণে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৯ ০৩:১৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশ বর্তমানে একটি স্পর্শকাতর সময় অতিক্রম করছে এবং যে গণবিক্ষোভ চলছে তার প্রতি কোনো বিশেষ দল বা দূতাবাসের উসকানি প্রদান কোনমতেই কাম্য নয়।তিনি শুক্রবার লেবাননের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এক ভাষণে এ মন্তব্য করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সাম্প্রতিক গণবিক্ষোভের মাধ্যমে লেবাননের জনগণ তাদের আত্মবিশ্বাস প্রমাণ করেছে; এদিকে সরকারও তার ঘোষিত কর্মসূচিগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে সংস্কার কর্মসূচি হাতে দেয়া হয়েছে তা গণবিক্ষোভের ফসল।

অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে লেবাননে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে সোমবার কিছু সংস্কারের ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ

হিজবুল্লাহ মহাসচিব বলেন, দরিদ্র, বেকার ও বিক্ষোভকারী  জনগোষ্ঠীর দাবিদাওয়া সরকারকে মেনে নিতে হবে এবং সরকার যেন কোনো অবস্থায় ঘোষিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে গড়িমসি না করে।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ সরাসরি গণবিক্ষোভে অংশ নিতে পারছে না; কারণ, হিজবুল্লাহ এই বিক্ষোভে অংশ নিলে কোনো কোনো মহল এই সংগঠনের বিরুদ্ধে নানারকম অপবাদ আরোপের সুযোগ পাবে। দেশ ও জনগণকে রক্ষার ক্ষেত্রে হিজবুল্লাহর দায়িত্বশীলতার প্রতি ইঙ্গিত করে প্রতিরোধ আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, তার সংগঠন সরকারের পদত্যাগ এবং আগাম নির্বাচনকে সংকট সমাধানের উপায় বলে মনে করে না। কারণ, সরকার পদত্যাগ করলে দেশে ক্ষমতার শূন্যতা এবং উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দেবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।