তুরস্ক সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i74979-তুরস্ক_সীমান্তে_আরো_সেনা_মোতায়েন_করেছে_সিরিয়া
তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করেছে সিরিয়া সরকার। তুরস্কের সঙ্গে চলমান সামরিক দ্বন্দ্বের ভেতরে সিরিয়া ওই অঞ্চলে সেনা মোতায়েনের মাধ্যমে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে এবং এরই অংশ হিসেবে নতুন এলাকায় আরো সরকারি সেনা মোতায়েন করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৯ ১০:০৬ Asia/Dhaka
  • আবু রাসিন শহরে সিরিয়ার সেনারা পৌঁছালে সাধারণ লোকজন উল্লাস প্রকাশ করে
    আবু রাসিন শহরে সিরিয়ার সেনারা পৌঁছালে সাধারণ লোকজন উল্লাস প্রকাশ করে

তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করেছে সিরিয়া সরকার। তুরস্কের সঙ্গে চলমান সামরিক দ্বন্দ্বের ভেতরে সিরিয়া ওই অঞ্চলে সেনা মোতায়েনের মাধ্যমে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে এবং এরই অংশ হিসেবে নতুন এলাকায় আরো সরকারি সেনা মোতায়েন করা হলো।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, পূর্ব সীমান্তবর্তী আবু রাসিন শহরের কাছে এসব সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া, আরেকটি সেনা ইউনিট সিরিয়ার একেবারে উত্তর সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং এর মাধ্যমে সেখানে সেনা মোতায়েনের কাজ সম্পূর্ণ হবে। সিরিয়ার এসব সেনা প্রয়োজনে তুর্কি আগ্রাসন মোকাবেলা করবে।

সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, নতুন করে যেসব সেনা মোতায়েন করা হয়েছে তার বিপরীত পাশেই তুরস্কের সেনিয়ূত শহর অবস্থিত। সানা বলছে, রাস আল-আইন শহরের আশপাশে বিভিন্ন জায়গায় তুরস্ক সেনা মোতায়েন করেছে। তুর্কি বাহিনীর এসব তৎপরতাকে সিরিয়া আগ্রাসন ও দখলদারিত্ব বলে বিবেচনা করছে।

আবু রাসিন শহরে সিরিয়ার সেনা বহর

গত ৯ অক্টোবর কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর নামে সিরিয়ার ভেতরে সেনা প্রবেশ করিয়েছে তুরস্ক এবং এ নিয়ে আঙ্কারা এবং দামেস্কের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে। এ অবস্থায় গত ২২ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় যার অধীনে কুর্দি গেরিলারা সীমান্ত থেকে সিরিয়ার ৩০ কিলোমিটার ভেতরে সরে আসবে এবং সীমান্তবর্তী এলাকাগুলোয় সেইফ জোন প্রতিষ্ঠা করে সেখানে তুরস্ক ও রাশিয়ার সেনারা টহল দেবে।#

পার্সটুডে/এসআইবি/৪