‘ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানই অগ্রাধিকার পাচ্ছে’
-
ইয়োসি কোহেন
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছে, তাদের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশেষভাবে অগ্রাধিকার পাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির প্রতি ইঙ্গিত করে গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এই মন্তব্য করেন।
মোসাদ প্রধান বলেন, ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র বিষয়ক সমস্ত কর্মসূচি ও নানামুখী তৎপরতা ইসরাইলের নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ। ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিব কোচাভি বলেছেন, ইরানের সঙ্গে তারা সীমিত পর্যায়ের সংঘর্ষে লিপ্ত হতে পারেন। এর একদিন পর বৃহস্পতিবার মোসাদের প্রধান ইয়োসি কোহেন ওই বক্তব্য দেন।
ইসরাইলের সেনাপ্রধান বলেছেন, ইরানের সঙ্গে সীমিত পর্যায়ে সংঘর্ষের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তিনি এও বলেছেন যে, সম্ভাব্য এই সংঘর্ষে শুধুমাত্র ইসরাইল না জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনের আরো কেউ সঙ্গে থাকলে ভালো হতো। জেনারেল কোচাভি তার ভাষায় বলেন, “আমরা ইরানকে সিরিয়া কিংবা ইরাকে ঘাঁটি গড়তে দেব না।”
২০১১ সাল থেকে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা, ব্রিটেন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কয়েকটি মিত্র দেশ মিলে সিরিয়া ও ইরাকে যে উগ্রবাদী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল তাদেরকে প্রতিরোধের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ইহুদিবাদী ইসরাইল এবং তাদের মিত্ররা পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৮