সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে আপত্তি নেই: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i77981-সৌদি_আরবের_সঙ্গে_সংলাপে_বসতে_আপত্তি_নেই_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, তার দেশ সবসময় আলোচনার দরজা খোলা রেখেছে যদিও কোনো রকমের অগ্রগতি ছাড়াই গত জানুয়ারি মাসে সৌদি আরব এবং কাতারের মধ্যকার আলোচনা বন্ধ হয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৩:৫৭ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, তার দেশ সবসময় আলোচনার দরজা খোলা রেখেছে যদিও কোনো রকমের অগ্রগতি ছাড়াই গত জানুয়ারি মাসে সৌদি আরব এবং কাতারের মধ্যকার আলোচনা বন্ধ হয়ে গেছে।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সব সময় আশাবাদী থাকবো। গত কয়েক মাসে কাতার এবং সৌদি আরবের মধ্যে আলোচনা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে কোনো ভাল ফলাফল আসে নি এবং আলোচনার চ্যানেলগুলো স্থগিত করা হয়েছে। কিন্তু কাতার সবসময় স্পষ্ট করে বলে আসছে যে, আমরা সংলাপের জন্য আমাদের দরজা উন্মুক্ত রেখেছি। যদি সৌদি আরব আন্তর্জাতিক আইন মান্য করে এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাহলে আমরা তাদের সঙ্গে আবার আলোচনায় বসব।”

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কাতারের শীর্ষ কূটনীতিক বলেন, সবসময় তারা প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক এবং তাদের কল্যাণ চায়।

আলে সানি বলেন, “আমরা সামনে তাকাতে চাই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ ও স্থিতিশীল অঞ্চল চাই। তবে এটি আপোষ-রফার মনোভাব পোষণ করলেই সম্ভব, শুধু একা জিততে চাইলে হবে না; সবাইকেই জিতিয়ে দেয়ার মানসিকতা থাকতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৪