করোনা মোকাবেলায় আরো শক্ত পদক্ষেপ নিল সৌদি ও আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i78835-করোনা_মোকাবেলায়_আরো_শক্ত_পদক্ষেপ_নিল_সৌদি_ও_আমিরাত
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দেশে লকডাউন ও কারফিউয়ের মেয়াদ আরো বাড়িয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ১৩:০৩ Asia/Dhaka
  • সৌদি আরবে করোনা মোকাবেলা
    সৌদি আরবে করোনা মোকাবেলা

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দেশে লকডাউন ও কারফিউয়ের মেয়াদ আরো বাড়িয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার বন্দরনগরী জেদ্দা শহরের সাতটি এলাকায় আংশিক কারফিউ জারি করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব এলাকার লোকজন শুধুমাত্র চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারবেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে যেতে পারবেন। তবে তা সকাল ছয়টা থেকে বেলা তিনটার মধ্যে করতে হবে। এর বাইরে কোনোভাবে কাউকে চলাফেরার অনুমতি দেয়া হবে না।

সৌদি আরব এর আগেই দাম্মাম, তায়েফ এবং কাতিফ অঞ্চলে কারফিউ জারি করেছিল। সৌদি আরবে এ পর্যন্ত ২,৩৭০ ব্যক্তিকে করোনা আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে এবং ২৯ জন মারা গেছে। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত যেসব দেশে করোনা ভাইরাস মতো ছড়িয়ে পড়েছে তার মধ্যে সৌদি আরবের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

এদিকে, গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাতও কার্যত রাতব্যাপী কারফিউ জারি করেছে। এসময় আরব আমিরাতের বিভিন্ন পার্কে, রাস্তা এবং গণপরিবহন স্থাপনাগুলোতে ওষুধ স্প্রে করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, রাত ৮টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি ছিল এবং এ সময় লোকজনকে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়। অন্যদিকে, দুবাইয়ের দুর্যোগ ব্যবস্থা বিষয়ক সুপ্রিম কমিটি জানিয়েছে, এখন থেকে দুই সপ্তাহ পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘন্টা লকডাউন চলবে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।