‘সিরিয়ায় দায়েশের তেল পাচারকে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া’
https://parstoday.ir/bn/news/west_asia-i7942-সিরিয়ায়_দায়েশের_তেল_পাচারকে_ধ্বংস_করে_দিচ্ছে_রাশিয়া’
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর তেল বাণিজ্যসহ অর্থনৈতিক ভিত্তিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তেল পাচারই সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের আয়ের প্রধান মাধ্যম। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ৫ম মস্কো সম্মেলন বা এমসিআইএস’এ এ কথা বলেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০১৬ ০৪:১০ Asia/Dhaka
  • ‘সিরিয়ায় দায়েশের তেল পাচারকে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া’

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর তেল বাণিজ্যসহ অর্থনৈতিক ভিত্তিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তেল পাচারই সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের আয়ের প্রধান মাধ্যম। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ৫ম মস্কো সম্মেলন বা এমসিআইএস’এ এ কথা বলেছেন তিনি।

তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার অ্যারোস্পেস বাহিনীর অংশ বিশেষকে সিরিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু এ বাহিনীর বাকি যে অংশ সেখানে মোতায়েন রয়েছে তারা সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। দায়েশের অর্থনৈতিক ভিত্তি এবং আয়ের প্রধান উৎস জ্বালানি তেল পাচার লক্ষ্য করে রাশিয়া হামলা চালাচ্ছে বলেও জানান তিনি।

যুদ্ধ বিধ্বস্ত দেশটির সংঘাতের রাজনৈতিক সমাধানের দিকে মস্কো নজর দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুক্ত অঞ্চলের মানুষকে মানবিক সহায়তা দিচ্ছে রাশিয়া।

রুশ বিমান বাহিনীর সহায়তায় সিরিয় সেনারা পাঁচশ’ বসতি এবং তারা ১০ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা মুক্ত করেছে বলেও জানান তিনি। অন্যদিকে রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেটিভ বিভাগের লে. জেনারেল সের্গেই রুদস্কি জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ থেকে সিরিয়ায় রুশ বিমান অভিযান শুরুর পর সন্ত্রাসীগোষ্ঠীর দুই শতাধিক তেল উত্তোলন স্থাপনা এবং তেল সরবরাহের দুই হাজারের বেশি গাড়ি ধ্বংস হয়েছে।#

মূসা রেজা/২৮