ইরাকে দায়েশের বিরুদ্ধে 'অপারেশন আল জাজিরা লায়নস' অভিযান শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i79970-ইরাকে_দায়েশের_বিরুদ্ধে_'অপারেশন_আল_জাজিরা_লায়নস'_অভিযান_শুরু
ইরাকের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী আনবার, নেইনাভা এবং সালাউদ্দিন প্রদেশে উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০২০ ১৩:৫৫ Asia/Dhaka
  • ইরাকে দায়েশের বিরুদ্ধে 'অপারেশন আল জাজিরা লায়নস' অভিযান শুরু

ইরাকের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী আনবার, নেইনাভা এবং সালাউদ্দিন প্রদেশে উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল আজ (রোববার) এক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হওয়ার কথা জানিয়েছেন এবং এ অভিযানকে 'আল জাজিরা লায়নস' হিসেবে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের তত্ত্বাবধানে অপারেশ আল জাজিরা লায়ন আজ (রোববার) সকালে সিরিয়ার সীমান্তবর্তী আনবার প্রদেশের উত্তরে, নেইনাভার দক্ষিণে এবং সালাউদ্দিন প্রদেশের পশ্চিমে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইরাকের বিমান বাহিনীর সহযোগিতায় দেশটির সেনা কমান্ডার, বিভিন্ন সম্প্রদায়ের বাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ্ আশ শাবির সদস্যরা ১১ ফ্রন্টে দায়েশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। ওইসব এলাকায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদেরকে আটক করে সেখানে  নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই নতুন অভিযানের প্রধান লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দায়েশ সন্ত্রাসীরা সম্প্রতি ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ্ আশ শাবিসহ বেসামরিক ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনী সদস্যদের ওপর হামলা বাড়িয়ে দেয়ার কারণে নতুন এ অভিযানের খবর এলো।এর আগে ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের দক্ষিণ তিকরিত ও উত্তর সামেরায় উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত ১০ যোদ্ধা নিহত এবং চার জন আহত হয়।#

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।