বহু বছর পরও ইসরাইলি সেনারা ট্রমায় ভুগছে: রিপোর্ট
-
ট্রমায় ভুগছে ইসরাইলের এমন বহু সেনা
দক্ষিণ লেবানন যুদ্ধে অংশ নেয়া ইহুদিবাদী ইসরাইলের বহু সেনা এখনো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি-তে ভুগছে। এছাড়া, অনেক সেনার স্মৃতি বিভ্রাট ঘটেছে যারা আবোল তাবোল বকে থাকে। টাইমস অব ইসরাইলের একটি রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
তেল আবিবে অনুষ্ঠিত সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে অংশ নেয়া সেনাদের অনেকেই বলেছেন, ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ লেবানন যুদ্ধে অংশ নেয়া সেনাদেরকে পিটিএসডি এবং অন্যান্য সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতা দেয়া হয় নি। ইহুদিবাদী ইসরাইল ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত লেবানন সংঘাতকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বলে স্বীকার করে না।
দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হয়ে বেশ কয়েকটি অভিযান পরিচালনাকারী সামরিক কর্মকর্তা আভি মাইয়ের বলেন, তাদেরকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল যা সঠিক পদক্ষেপ ছিল না। যেসব সাবেক সেনা সদস্য পোস্ট ট্রম্যাট্রিক সংকটে ভুগছে তাদের জন্য মায়ের বর্তমানে পিটিএসডি সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
দক্ষিণ লেবানন যুদ্ধ অংশ নেয়া একজন সেনা কর্মকর্তা বলেন, সে সময় ইসরাইলি সেনারা খুব কাছ থেকে ঘনিষ্ঠজন অথবা বন্ধুকে মারা যেতে কিংবা আহত হতে দেখেছে। তারা দেখেছে জীবন খুব সহজ নয়।
১৯৭৮ সালে প্রথম দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইসরাইল। ১৪ বছর পর ১৯৮২ সালে রাজধানী বৈরুত অবরোধ করে। এরপরে বৈরুত থেকে পিছু হটে এবং দক্ষিণ লেবানন নিজেদের দখলে রাখে।
১৯৮২ সাল পর্যন্ত বর্বর হামলায় ২০ হাজার লেবাননী নিহত এবং ৩০ হাজার আহত হন। এ সময় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গঠিত হয় এবং তারা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম শুরু করে। ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত হিজবুল্লাহর হামলায় অন্তত ১২শ ইসরাইলি সেনা নিহত হয়। হিজবুল্লাহর হামলায় পরিস্থিতি এতটাই ইসরাইলের প্রতিকূলে চলে যায় যে, ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাক দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হন।#
পার্সটুডে/এসআইবি/২৬