আরো এক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি সেনারা
অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমের আবুদিস গ্রামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা।
শহীদ ওই ফিলিস্তিনি গাড়ি চাপা দিয়ে ইহুদিবাদীদের হত্যার পরিকল্পনা করেছিল বলে ঘাতক সেনারা দাবি করেছে। গতকাল আবুদিস গ্রামে ইসরাইলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি আহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।
শহীদ ফিলিস্তিনি যুবকের নাম আহমাদ মুস্তাফা। ২৮ বছরের এই টগবগে যুবককে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ডকে ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণার ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা ও নৃশংসতা বাড়িয়েছে বর্ণবাদী ইসরাইল।
ফিলিস্তিনের সব সংগঠন ও দল ইসরাইলের এই পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।