‘লেবাননের গরিবদের মাঝে সাহায্য বিতরণে বাধা দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত’
-
মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া
লেবাননের একজন প্রখ্যাত আলেম অভিযোগ করেছেন, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া দেশের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি এলাকার দরিদ্র পরিবারগুলোর মধ্যে সাহায্য বিতরণে বাধা দিচ্ছেন। লেবাননের ইসলামিক ইউনিফিকেশন মুভমেন্টের মহাসচিব শেখ বিলাল শাবান গতকাল (শুক্রবার) জুমার খুতবায় এ অভিযোগ করেন।
তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাহায্য-সহযোগিতা বিতরণ নিষিদ্ধ বলে জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূতের এই তৎপরতাকে অত্যন্ত গর্হিত কাজ বলে নিন্দা জানান শেখ বিলাল শাবান।
তিনি বলেন, লেবাননের জনগণের ওপর চাপ সৃষ্টির কর্মসূচির অংশ হিসেবে এই তৎপরতা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। শেখ বিলাল লেবাননের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে বৈদেশিক চাপ উপেক্ষা করে দেশের দরিদ্র মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।#
পার্সটুডে/এসআইবি/৪