৪০ ইয়েমেনি বন্দিকে মুক্তি দিল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i8185-৪০_ইয়েমেনি_বন্দিকে_মুক্তি_দিল_সৌদি_আরব
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, সৌদি আরব তাদের ৪০ জন আটক যোদ্ধাকে মুক্তি দিয়েছে। সৌদি-ইয়েমেন সীমান্তে শান্তি বহাল রাখার চুক্তির আওতায় এসব বন্দি যোদ্ধাকে মুক্তি দেয়া হলো। হুথি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম এক বিবৃতিতে বলেছেন, “আমরা ৪০ জন যোদ্ধাকে ফেরত পেয়েছি যার মধ্যে ২০ জনকে ইয়েমেনের ভেতর থেকে আটক করেছিল সৌদি আরব।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৬ ০৮:৩১ Asia/Dhaka
  • ৪০ ইয়েমেনি বন্দিকে মুক্তি দিল সৌদি আরব

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, সৌদি আরব তাদের ৪০ জন আটক যোদ্ধাকে মুক্তি দিয়েছে। সৌদি-ইয়েমেন সীমান্তে শান্তি বহাল রাখার চুক্তির আওতায় এসব বন্দি যোদ্ধাকে মুক্তি দেয়া হলো। হুথি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম এক বিবৃতিতে বলেছেন, “আমরা ৪০ জন যোদ্ধাকে ফেরত পেয়েছি যার মধ্যে ২০ জনকে ইয়েমেনের ভেতর থেকে আটক করেছিল সৌদি আরব।”

যখন কুয়েতে সৌদি আরব ও তার মদদপুষ্ট ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের সঙ্গে আনসারুল্লাহ আন্দোলনের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন এ পদক্ষেপ নেয়া হলো। গত ২১ এপ্রিল কুয়েত সিটিতে শান্তি আলোচনা শুরু হয়েছে এবং ৩০ এপ্রিল থেকে দুপক্ষ মুখোমুখি আলোচনা শুরু করেছে। এর আগে ১০ এপ্রিল থেকে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাইল ওলুদ শেখ আহমেদ বলেছেন, আলোচনা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। সব পক্ষই যুদ্ধ বন্ধের কথা বলছে তবে এখনো সব বাধা দূর হয় নি; একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা চলছে।

শনিবার হুথিরা অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে একটি প্রস্তাব দিয়েছেন যাতে দেশে নির্বাচন অনুষ্ঠানের আগে অস্ত্র জমা ও রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়টি দেখভাল করা সহজ হয়। তবে তারা দাবি করেছেন, ভবিষ্যত নির্বাচনে মানসুর হাদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অন্যদিকে, হাদির সমর্থকরা দাবি করছেন, আনসারুল্লাহ যোদ্ধাদেরকে অস্ত্র জমা দিতে হবে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে হুথি যোদ্ধাদেরকে প্রত্যাহার করতে হবে#

সিরাজুল ইসলাম/১