ইহুদিবাদী ইসরাইল-আরব আমিরাত সম্পর্কের নিন্দা জানায়নি আরব লীগ
-
আরব লীগের বৈঠকের ফাইল ছবি; বুধবারের বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়েছে
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাত নিয়েছে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে আরব লীগ। গতরাতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের অনলাইন বৈঠকে ফিলিস্তিনের পক্ষ থেকে আরব আমিরাতের নিন্দা জানিয়ে যে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা পাস হয়নি।
আরব লীগে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত মুহান্নাদ আকলুক জানিয়েছেন, বুধবারের বৈঠকে কিছু আরব দেশ ২০০২ সালের একটি আরব শান্তি পরিকল্পনা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন যাতে ভূমির পরিবর্তে শান্তি এবং দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের কথা বলা হয়েছিল।
এসব আরব দেশ সাম্প্রতিক ইসরাইল-আরব আমিরাত সমঝোতার সুস্পষ্ট নিন্দা জানানোর পরিবর্তে যেকোনো উপায়ে তেল আবিবের সঙ্গে আবু ধাবির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে বৈধতা দেয়ার চেষ্টা করে।
আকলুক সুস্পষ্ট করে এসব আরব দেশের নাম বলেননি। তিনি জানান, এর বিপরীতে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ইসরাইল-আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। কিন্তু আরব দেশগুলো এই প্রস্তাব পাস করতে সম্মত হয়নি।
আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বুধবারের বৈঠক থেকে পর্যবেক্ষকরা মনে করছেন, আরব দেশগুলো এখন থেকে একের পর এক সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করে কুদস দখলদার ইসরাইলকে স্বীকৃতি দিয়ে যাবে। এর আগে আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মারার নামান্তর বলে মন্তব্য করেছিল।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।