আরব লীগের সভাপতির চেয়ারে বসবে না ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/west_asia-i83273-আরব_লীগের_সভাপতির_চেয়ারে_বসবে_না_ফিলিস্তিন
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে আরব লীগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করবে না ফিলিস্তিন। এর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের নিন্দা করতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৪:৪৮ Asia/Dhaka
  • আরব লীগের বৈঠক (ফাইল ফটো)
    আরব লীগের বৈঠক (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে আরব লীগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করবে না ফিলিস্তিন। এর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের নিন্দা করতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয় নি।

আজ (মঙ্গলবার) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়ক মন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, সর্বশেষ ঘটনাবলীর প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্র আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির পদ প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, “ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব লীগ সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের পক্ষ অবলম্বন করায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”

রিয়াদ আল-মালিকি

রিয়াদ আল-মালিকি বলেন, আরব লীগের সভাপতির দায়িত্ব পালনকালে আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উদযাপন করবে যাতে ফিলিস্তিন রাষ্ট্র সম্মানিত বোধ করবে না।

তবে তিনি জানান, আরব লীগ থেকে সদস্যপদ ছেড়ে দেবে না ফিলিস্তিন। এতে বাজে ধরনের দৃশ্যপট তৈরি হবে বলেও মন্তব্য করেন রিয়াদ আল-মালিকি।

ফিলিস্তিনের শীর্ষ এ কূটনীতিক বলেন, আরব পিস ইনিশিয়েটিভের আওতায় যে সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল ইসরাইলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক তৈরি করে তা মারাত্মকভাবে লংঘন করেছে।

গত ১৫ জুলাই বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এ চুক্তি সই হয় এবং এতে মধ্যস্থতা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।#

পার্সটুডে/এসআইবি/২২