ইরান থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে ইরাককে আবারো ছাড় দিল আমেরিকা
-
ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস আমদানির জন্য ইরাককে আবারো নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। আগামী ৪৫ দিনের জন্য ইরাক এই নিষেধাজ্ঞা ছাড়ের সুবিধা পাবে। এর ফলে প্রতিবেশি ইরান থেকে গ্যাস আমদানি করতে ইরাকের সামনে আপাতত কোনো সমস্যা থাকছে না।
ইরাকের একজন সরকারি কর্মকর্তা আজ (শনিবার) এই নিষেধাজ্ঞা ছাড়ের কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতা ছাড়ার আগেই এই নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা।
এর আগে গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকে আরো ৪৫ দিনের জন্য ইরান থেকে বিদ্যুৎ আমদানির সুযোগ দিয়েছেন। এক্ষেত্রে ইরাক প্রতিবেশী ইরানের সঙ্গে আর্থিক লেনদেনও করতে পারবে বলে ওই মুখপাত্র জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এই ছাড়ের কারণে ইরাক প্রতিবেশী ইরান থেকে তার জ্বালানি চাহিদা পূরণ করতে সক্ষম হবে। পাশাপাশি ইরাক ইরানের ওপরে জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করবে।#
পার্সটুডে/এসআইবি/২১