ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা চায় সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i85138-ইরানের_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণের_উপরে_স্থায়ী_নিষেধাজ্ঞা_চায়_সৌদি_আরব
ইসলামি প্রজাতন্ত্র ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২০ ১৪:২৮ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ

ইসলামি প্রজাতন্ত্র ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিরোধী নয় তার দেশ তবে রিয়াদ চায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপরে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হোক।

গতকাল (শনিবার) ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি দাবি করেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে আঞ্চলিক ক্ষেত্রে ইরানের ভূমিকার বিষয়টি নির্দিষ্ট করা হয় নি।

ফারহান আলে সৌদ বলেন, ইরানের প্রতিটি বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ এবং ইরান যাতে অতীতের মতো মধ্যপ্রাচ্যে তৎপরতা চালাতে না পারে তার ব্যবস্থা করতে হবে।

এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা যদি পুনরুজ্জীবিত করতে হয় তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশের সঙ্গে পরামর্শ করতে হবে।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি এএফপি-কে ওই সাক্ষাৎকার দেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই কেবলমাত্র ইরানের পরমাণু সমঝোতা বহাল করা যায়।#

পার্সটুডে/এসআইবি/৬