হামায় গণহত্যা; আন্তর্জাতিক সহায়তা চাইল দামেস্ক
সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের একটি শহরে বেসামরিক জনগণের ওপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বর্বর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি।
সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। হামার আজ-জারা শহরে তাকফিরি সন্ত্রাসীরা ঢুকে বেসামরিক জনগণের ওপর নারকীয় গণহত্যা চালিয়েছে এবং নারী ও শিশুদের ধরে নিয়ে গেছে বলে পুলিশ খবর দেয়ার পর তিনি এসব কথা বললেন।
স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর নিশ্চিত করেছে। পুলিশের সূত্রের বর্ণনা অনুযায়ী, সন্ত্রাসীরা জারা শহরে ঢুকে লোকজনকে হত্যা ও ঘর-বাড়ি ধ্বংস করে এবং ব্যাপক লুটতরাজ চালায়।
এ ঘটনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহতদের সব ধরনের স্বাস্থ্যসেবা দেয়ার আহ্বান জানান। এ গণহত্যাকে সারা বিশ্বের বিরুদ্ধে বর্বর অপরাধ বলে মন্তব্য করেন। হালকি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারকে সহযোগিতা করা। এছাড়া, কাতার, সৌদি আরব ও তুরস্ক থেকে সন্ত্রাসীদের জন্য অর্থের যে চালান আসছে তাও বন্ধ করার আহ্বান জানান তিনি।#
সিরাজুল ইসলাম/১২