শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবার সংঘর্ষ শুরু 
https://parstoday.ir/bn/news/west_asia-i93484-শেখ_জাররাহ_শরণার্থী_শিবিরে_আবার_সংঘর্ষ_শুরু
ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০২১ ০৩:৪০ Asia/Dhaka
  • শেখ জাররহা শরণার্থী শিবিরে ইসরাইলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ
    শেখ জাররহা শরণার্থী শিবিরে ইসরাইলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ

ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালালে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়কার ফুটেজে দেখা যাচ্ছে যে, ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে চেয়ার ছুঁড়ে মারছে।

ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষ রোববার পর্যন্ত চলে। এ সময় ইসরাইলি কর্তৃপক্ষ শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে। জেরুজালেম  পোস্ট জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তবে সুনির্দিষ্ট সংখ্যা জানায় নি। 

এর আগে, অন্তত ৫৪ জন উগ্র ইহুদিবাদী পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালায়। এ সময় ইসরাইলি সেনারা তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মসজিদ সংস্কারের কাজে নিযুক্ত একজন নির্মাণ শ্রমিককে আটক করে। এছাড়া, গত সপ্তাহে ইসরাইলি জঙ্গিবিমান দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। এসব উসকানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নতুন করে সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।# 

পার্সটুডে/এসআইবি/২২