সন্ত্রাসীদের কাছ থেকে হাসপাতাল উদ্ধার করল সিরিয়ার সেনারা
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দখলে চলে যাওয়া আসাদ হাসপাতাল উদ্ধার করতে সক্ষম হয়েছে সিরিয়ার সরকারি সেনারা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
গতকাল (শনিবার) সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর শহরের এ হাসাপাতালটি দখল করে নিয়েছিল সন্ত্রাসীরা। সে সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়। এর মধ্যে সরকারি সেনা ৩৫ জন এবং সন্ত্রাসী অন্তত ২৪ জন। এছাড়া, হাসপাতালটি দখলের পর সেখানকার বেশ কয়েকজন স্টাফকে আটক করে সন্ত্রাসীরা।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছেন, সন্ত্রাসীদের কাছে বন্দি সব ডাক্তার ও নার্সকে মুক্ত করা হয়েছে। গতকাল হাসপাতালটি দখলের কয়েক ঘণ্টার মধ্যেই তা আবার উদ্ধার করতে সক্ষম হলো সেনারা। এ হাসপাতাল দখলের পর সন্ত্রাসীরা সেনাঘাঁটির সঙ্গে দেইর আজ-জোর শহরের বিমানবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।
গতকালের হামলার সময় সন্ত্রাসীরা একটি চেকপয়েন্ট, একটি ফায়ার স্টেশন, বিশ্ববিদ্যালয় হল, খাদ্যগুদাম এবং তাইয়াম তেলক্ষেত্রের আশপাশের কিছু জায়গা দখল করে নেয়। দেইর আজ-জোর শহরের সঙ্গে সন্ত্রাসীদের সবচেয়ে শক্তিশালী অবস্থান রাকার সংযোগ রয়েছে এবং এই রাকা এলাকার সঙ্গে ইরাকের আনবার প্রদেশের সীমান্ত রয়েছে।#
সিরাজুল ইসলাম/১৫