ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারকে ‘ন্যায়বিচারের উপহাস’ বলল এইচআরডাব্লিউ
https://parstoday.ir/bn/news/west_asia-i9586-ইরানের_পক্ষে_গুপ্তচরবৃত্তির_অভিযোগে_বিচারকে_ন্যায়বিচারের_উপহাস’_বলল_এইচআরডাব্লিউ
ইরানের পক্ষে কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদি আরবে ৩২ ব্যক্তির যে বিচার চলছে তাকে ‘ন্যায়বিচারের উপহাস’ হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। এটি বলেছে, এই বিচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের ন্যুনতম অধিকার লঙ্ঘন করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে রিয়াদে স্থাপিত একটি বিশেষ ফৌজদারি আদালতে এসব মানুষের বিচার শুরু হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৭, ২০১৬ ১৪:৩৭ Asia/Dhaka
  • অভিযুক্ত ৩২ জনের অন্যতম রাইফ বাদাউয়ি
    অভিযুক্ত ৩২ জনের অন্যতম রাইফ বাদাউয়ি

ইরানের পক্ষে কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদি আরবে ৩২ ব্যক্তির যে বিচার চলছে তাকে ‘ন্যায়বিচারের উপহাস’ হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। এটি বলেছে, এই বিচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের ন্যুনতম অধিকার লঙ্ঘন করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে রিয়াদে স্থাপিত একটি বিশেষ ফৌজদারি আদালতে এসব মানুষের বিচার শুরু হয়।

২০১৩ সাল থেকে এ পর্যন্ত আটক এই ৩২ ব্যক্তির মধ্যে ২৫ জনকে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন সৌদি সরকারি কৌঁসুলিরা। এসব ব্যক্তির বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হলেও এইচআরডাব্লিউ বলছে, তাদের বিরুদ্ধে কার্যত এমন কিছু অভিযোগ আনা হয়েছে যা সুনির্দিষ্টভাবে কোনো অপরাধের মধ্যে পড়ে না।

নিউ ইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ‘মিছিল করা’, ‘রাজতন্ত্রের সম্মান ক্ষুণ্ন করা’ এবং ‘শিয়া মাজহাব ছড়িয়ে দেয়ার’ মতো অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদেরকে আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি বলেও জানিয়েছে এইচআরডাব্লিউ।

সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লিয়াহ হুইটসন বলেছেন, “এই বিচার সৌদি আরবের প্রচণ্ডভাবে অস্বচ্ছ ফৌজদারি বিচার ব্যবস্থার গায়ে আরেকটি কলঙ্কচিহ্ণ হয়ে থাকবে। অভিযুক্তদের জন্য আগে থেকেই নির্ধারিত শাস্তিকে বৈধতা দেয়ার কাজে এ ধরনের কথিত বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করা উচিত নয়।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭