জাতিসংঘকে চিঠি
ইসরাইলি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার আহ্বান
-
সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানায়। চিঠিতে বলা হয়েছে- জাতিসংঘ সনদের ভিত্তিতে সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দায়িত্ব রয়েছে বিশ্ব সংস্থার।
চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের দখলদার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্বাংশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং হোমস শহরের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং চূড়ান্ত পরাজয়ের মুখে থাকা তাকফিরি সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখতে ইহুদিবাদী ইসরাইল এসব হামলা চালাচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণ, সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্ররা দায়েশ এবং আন-নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করার যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে তা থেকে পিছু হটাতে পারবে না ইসরাইলি হামলা। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের অপকর্মের দোসর বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী কর্তৃপক্ষ যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সে বিষয়ে তেল আবিবকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।#
পার্সটুডে/এসআইবি/২১