দায়েশের কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর পুনর্দখল করেছে সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i9691-দায়েশের_কাছ_থেকে_ইরাকের_পশ্চিমাঞ্চলীয়_শহর_পুনর্দখল_করেছে_সেনাবাহিনী
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি শহর পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ খবর জানিয়ে বলেছেন, স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠীর সহযোগিতায় আল-আনবার প্রদেশের রুতবা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে কাউন্টার-টেররিজমের সৈন্যরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৬ ১৪:১৬ Asia/Dhaka
  • দায়েশের কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর পুনর্দখল করেছে সেনাবাহিনী

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি শহর পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ খবর জানিয়ে বলেছেন, স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠীর সহযোগিতায় আল-আনবার প্রদেশের রুতবা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে কাউন্টার-টেররিজমের সৈন্যরা।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদ থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রুতবাকে ব্যবহার করে শহরটির উত্তর ও পূর্বদিকে হামলা চালাতো দায়েশের সন্ত্রাসীরা। ইরাক থেকে জর্দানে যাওয়ার প্রধান মহাসড়কের পাশে অবস্থিত রুতবা শহরটি দুই বছর আগে দখল করেছিল দায়েশ। এ ছাড়া, শহরটি দায়েশ অধ্যুষিত সিরিয়ার একটি ক্রসিং পয়েন্টের কাছে অবস্থিত বলে জঙ্গিদের কাছে এটির যথেষ্ট গুরুত্ব ছিল।

এ নিয়ে গত কয়েকমাসে দায়েশের বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ইরাকের সেনাবাহিনী। গতমাসে তারা জঙ্গিদের হাত থেকে হিত শহরের নিয়ন্ত্রণ নেয়। এ ছাড়া, গত ফেব্রুয়ারি মাসে প্রাদেশিক রাজধানী রামাদি পুনর্দখল করে ইরাকের সেনাবাহিনী।

ইরাক সরকার মনে করে, যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে পরাজিত হয়ে দায়েশ জঙ্গিরা এখন বেসামরিক নাগরিকদের ওপর পাশবিক হামলা চালাচ্ছে। গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের এলাকায় ধারাবাহিক বোমা হামলায় প্রায় ২০০ মানুষ নিহত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮