ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
লেবাননের জনগণ, সামরিক বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিয়ে যাবে ইরান
-
লেবানন সফরে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান লেবাননের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্কের প্রশংসা করে বলেছেন, লেবাননের জনগণ, সামরিক বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধাদেরকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে তেহরান।
তিনি বলেন, আঞ্চলিক মিত্রদের পাশে তেহরান শক্তিশালীভাবে দাঁড়াবে এবং লেবাননের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি অব্যাহতভাবে সমর্থন দেবে। ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। তিনি আজ (বৃহস্পতিবার) রাশিয়া থেকে লেবানন সফরে বৈরুত পৌঁছান।
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে যখন লেবাননের একদল ব্যবসায়ী তেল আমদানি করেছেন এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তার প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফর করছেন।
আইআরআইবি-কে তিনি আরো বলেন, লেবানন যদি অনুরোধ জানায় তাহলে ইরানের কাছে আরো সুবিধাজনক প্রস্তাবনা রয়েছে। তিনি বলেছেন, তেলের বাইরে আরো বিভিন্ন খাতে লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান।#
পার্সটুডে/এসআইবি/৭